সৌন্দর্য ও অভিনয়ের মুগ্ধতা ছড়ানো ছোটপর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে কাজ করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। একসময় টিভি নাটকে প্রায়ই তার দেখা মিললেও এখন খুবই কম কাজ করেন। চাকরির পাশাপাশি সময়-সুযোগ পেলেই কেবল অভিনয় করেন। বর্তমান ব্যস্ততা ও অভিনয়ের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আনন্দ সময়ের সঙ্গে কথা বলেছেন তিনি। লিখেছেন মাসুদুর রহমান
অভিনয়কে ভালোবেসেই এক যুগেরও বেশি সময় আগে শোবিজে পথচলা শুরু করেছিলেন শবনম ফারিয়া। ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এর পর কাজ করেন নাটকে। ধীরে ধীরে হয়ে ওঠেন ছোটপর্দার বড় অভিনেত্রী। তার কাছে ক্যারিয়ার মানেই ছিল অভিনয়। নিয়মিত লাইট-ক্যামেরায় নিজেকে ব্যস্ত রাখাকেই তার কাছে মনে হতো সফলতার মাপকাঠি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শবনম ফারিয়ার ভাবনা। এখন অভিনয়ের পাশাপাশি পরিবার-পরিজন, ঘর-সংসার ও ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেন তিনি। ফলে পছন্দ নয় এমন কোনো কাজে শুধু পারিশ্রমিকের জন্য দীর্ঘ সময় দিতে চান না এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ক্যারিয়ারে লম্বা একটা সময় পার হয়ে গেছে। একসময় অভিনয়ে অনেক সময় দিয়েছি। বিভিন্ন গল্পের নানা চরিত্রে কাজ করেছি। কিন্তু এখন সময়ের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। নিজের মানসিকতার মানদণ্ডও বেড়েছে। চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, সচেতনতা বা রুচিবোধের লেভেল আগের চেয়ে উন্নত হয়েছে। এখন চাইলেই সব ধরনের গল্প বা চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বেছে বেছে খুব কম অভিনয় করা হয়।
অভিনয়ে নিয়মিত না হলেও বছরে হাতে গোনা কয়েকটি বাছাই করা কাজ করার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর। সেই ধারাবাহিকতায় চলতি বছরের বিশেষ দিনের একাধিক নাটকে দেখা গেছে তাকে। গত কুরবানি ঈদের দুটি নাটকে সবশেষ অভিনয় করেন তিনি। এরপর তাকে আর দেখা যায়নি টিভি নাটকে। গত কয়েক মাসে বেশ কিছু কাজের প্রস্তাব পেলেও নিজেকে মেলে ধরেননি নতুন গল্পের চরিত্রে।
শবনম ফারিয়া বলেন, চাইলে নিয়মিত কাজ করা যায়। প্রস্তাবও আসে। ঈদের পর অনেক কাজের প্রস্তাব পেয়েছি। সম্প্রতি কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছিল কিন্তু পছন্দ না হওয়াতে কাজগুলো করা হয়নি। যেটা আমি নিজেই পছন্দ করছি না সেটি দর্শক গ্রহণ করবেন কীভাবে? অভিনয়কে ভালোবাসি বলেই মানসম্মত কাজে যুক্ত থাকতে চাই।
নাটকে অভিনয় না করলেও প্রমোশনাল কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন শবনম ফারিয়া। এখানেও মানসম্মত কাজের ক্ষেত্রে ছাড় দিচ্ছেন না তিনি। অভিনেত্রী বলেন, নাটকে নিয়মিত অভিনয় না করলেও কনটেন্ট করে যাচ্ছি। এখানেও বাছ-বিচার করে কাজ করছি। যেগুলো আমার ব্যক্তিত্ব, আমার জীবনযাপন এবং আমার বিশ্বাসের সঙ্গে যায়, শুধু সেগুলোই বেছে নেওয়ার চেষ্টা করেছি।
প্রচারমূলক কনটেন্ট তৈরিতে বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করেন ফারিয়া। এর মধ্যে অন্যতম ভালো পারিশ্রমিক। তিনি বলেন, প্রমোশনাল কনটেন্ট করি কারণ এখানে ভালো পারিশ্রমিক আছে। এ ছাড়া নিজের সুবিধামতো কাজ করা যায়। একই সঙ্গে পরিবার-সংসারের দায়িত্ব পালনে কোনো সমস্যা হয় না।
দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন গল্পের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কখনো চ্যালেঞ্জিং চরিত্রেও দেখা গেছে তাকে। গল্প ও চরিত্র নিয়ে তার বক্তব্য, টিভি নাটক মূলত ড্রইংরুম বিনোদন। সব শ্রেণির দর্শকদের জন্যই উপভোগ্য। এ জন্য এমন সুন্দর গল্প আমার পছন্দ যা দর্শককে সহজে কানেক্ট করতে পারে, জীবনের কথা বলে। যে নাটক দেখে দর্শক মুগ্ধ হবেন। নির্দিষ্ট ছকের মধ্যে না থেকে বৈচিত্র্যময় চরিত্রই আমার ভালো লাগে।
বর্তমান সময়ের নাটকে এসেছে পরিবর্তন। রোমান্টিক, কমেডি ও সিরিয়াস গল্পের পাশাপাশি বর্তমানে নির্মাণ হচ্ছে ভৌতিক ও হাইথটের নাটক। এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, দর্শক হাইথটের নাটক বুঝে না। এমন গল্পের প্রতি দর্শকদের আগ্রহ কম। নিজের জন্য হয়তো এই ধরনের দুয়েকটা নাটক করা যায় তবে কাজ শেষে দর্শক প্রতিক্রিয়া সেভাবে আসে না।
টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি ইউটিউবে প্রতিনিয়ত প্রচার হচ্ছে নাটক। এত নাটকে সিনিয়র শিল্পীদের পাশাপাশি অভিনয় করছেন নতুনরাও। নতুনরা কেমন করছে জানতে চাইলে শবনম ফারিয়া বলেন, সত্যি বলতে নাটক-সিনেমা দেখার সুযোগ খুব একটা হয় না। সময় পেলে নাটকের চেয়ে সিনেমাই দেখা হয় বেশি। যতটুকু দেখা হয় তাতে নতুনরা ভালো করছে বলে আমার ধারণা। ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মানের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া কেয়া পায়েল, মুশফিক ফারহানসহ আরও কয়েকজনের অভিনয় ভালো লাগে। নতুনরা আরও ভালো করবে।
বর্তমান সময়ের নাটক নিয়ে নানা মন্তব্য দর্শকের। অভিনয়শিল্পীরাও নাট্যাঙ্গনের আলোচনা-সমালোচনা করেন। এই সময়ের নাটকের দর্শক গ্রহণযোগ্যতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নিয়মিত নাটক না দেখলে বিচার করা কঠিন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নাটকের ভিডিও ক্লিপ প্রকাশ হয়। সেগুলো থেকে কোনোটা ভালো লাগলে দেখার চেষ্টা করি। কয়েক মাস আগে দেখা ‘লিলিথ’ নাটকটি আমার খুব ভালো লেগেছে। নাটক ভালো হলে দর্শক সেটি দেখেন। যদিও সব ভালো নাটকই ভিউ হয় না। আমার মতে, সংখ্যায় কম হলেও মানসম্মত নাটক হচ্ছে, দর্শক উপভোগ করছেন। ভালো বাজেটে বড় আয়োজনেও নাটক হচ্ছে এখন। কয়েকজন ভালো নির্মাতা নিজেদের প্রমাণ করছেন। সব মিলিয়ে আমি ইতিবাচক দিকটাই বলব।
ছোটপর্দার পাশাপাশি ওটিটি ও বড়পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তাকে আর দেখা যায়নি চলচ্চিত্রে। চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে ফারিয়া বলেন, চলচ্চিত্রে তো কাজ করতে চাই। কিন্তু আমার করার মতো গল্প-চরিত্রের প্রস্তাব আসে না। এখন পর্যন্ত যেসব প্রস্তাব পেয়েছি, তা পছন্দ হয়নি। ভালো গল্প ও চরিত্র হলে অবশ্যই আবার চলচ্চিত্রে দেখা যাবে আমাকে।
অভিনেত্রী হিসেবে সাফল্য পেলেও শবনম ফারিয়ার ব্যক্তি জীবনে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকী পার করেছেন তিনি। বিশেষ দিনে অতীতের নানা তিক্ততা, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের ভালো থাকার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
ব্যক্তিগত ও সংসার জীবনের ভালো-মন্দ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, আলহামদুলিল্লাহ আছি। অনেক ভালো চলছে সংসারজীবন। স্বামী হিসেবে যাকে পেয়েছি সে অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে