রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে রিয়ালের আগ্রহ এবং কোচ হোসে মরিনিওর আচরণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সম্প্রতি ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে রদ্রি বলেন, রিয়াল মাদ্রিদকে ‘না’ বলা সহজ ছিল না। বিশ্বকাপের পর ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও দুই ক্লাবের প্রস্তাব বিবেচনা করে শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের জন্য বার্সেলোনাকেই বেছে নেন তিনি।
রদ্রির ভাষায়, ‘মাদ্রিদকে না বলা সহজ নয়। বিশেষ করে, তারা আমার সঙ্গে যেভাবে আচরণ করেছে, তা ছিল অসাধারণ। তবে শেষ পর্যন্ত ক্রীড়াগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি—কোথায় খেলোয়াড় হিসেবে আরও ভালো করতে পারব এবং নিজেকে আরও বিকশিত করতে পারব।’
বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনাও তাকে আকৃষ্ট করেছে বলে জানান রদ্রি। তাদের সঙ্গে আলোচনার পরই বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রিয়ালের কোচ মরিনিওর সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা হয়েছিল রদ্রির। তবে সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মরিনিওকে ফোন করে তার আগ্রহ ও ভালো আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সময়ের আলো/কেএইচও