সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে তার দল পিটিআই। কর্মসূচি ঘিরে ইসলামাবাদে লকডাউন জারি করেছে দেশটির সরকার।
আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিল পিটিআই। তবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটি জানিয়েছে, কর্মসূচি আগামী ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচি পিছিয়ে দেওয়া তাদের কৌশলের অংশ। এর মাধ্যমে সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করা হবে। পাশাপাশি রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের কারণে সহিংসতা ও রক্তপাতের আশঙ্কাও প্রকাশ করেছে দলটি।
এদিকে লং মার্চ ঠেকাতে ইসলামাবাদে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। লং মার্চ নিয়ে রাজধানীতে প্রবেশকারীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।
ইমরান খানকে মুক্ত করার দাবিতে পিটিআইয়ের কর্মসূচি ঘোষণার পর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় ও দমন-পীড়নের অভিযোগ উঠেছে। দলের অনেক নেতাকর্মীকে গ্রেফতার এবং জোর করে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে পিটিআই।
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পরের বছর তাকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় সাজা পেয়ে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন।
সময়ের আলো/কেএইচও