জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পাঁচবিবি-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন আকাশ। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে যান। পরে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই