ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশে সরকারে এসেছে। কোন ভুয়া ভোটে নয়।
মঈন খান বলেন, দেশে গুটি কয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সময়ের আলো/আতা