ইউটিউবের কমেন্ট ও ফ্যান কমিউনিটিতে যুক্ত হচ্ছে নতুন কয়েকটি সুবিধা। এর মাধ্যমে দর্শকরা কমেন্টে জিআইএফ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
পাশাপাশি টিভিতে ইউটিউব দেখার সময় রিমোটে টাইপ না করে ভয়েস কমান্ডের মাধ্যমে কমেন্ট করার সুবিধাও চালু করছে প্ল্যাটফর্মটি। নির্মাতাদের জন্য অর্থের বিনিময়ে সদস্যদের নিয়ে আলাদা কমিউনিটি তৈরির সুযোগও থাকছে।
যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চ্যানেল মেম্বারশিপে পরিবর্তন এনে অর্থের বিনিময়ে সদস্য হওয়া দর্শকদের জন্য আলাদা কমিউনিটি তৈরির সুযোগ দিচ্ছে ইউটিউব। সেখানে সদস্যরা পোস্ট ও নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। এসব কমিউনিটি নতুন ‘চ্যানেল মেম্বারশিপ’ পাতায় প্রদর্শিত হবে।
ছোট নির্মাতাদের ভিডিও দর্শকদের কাছে পৌঁছে দিতে ‘হাইপ’ সুবিধায়ও পরিবর্তন আসছে। ‘হাইপ উইথ জুয়েলস’ ব্যবস্থায় দর্শকরা ‘জুয়েলস’ নামের ভার্চুয়াল মুদ্রা কিনে ভিডিও হাইপ করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, এখন পর্যন্ত ৭ কোটি ৫০ লাখের বেশি ভিডিও ১০০ কোটির বেশি বার হাইপ করা হয়েছে।
এ ছাড়া নির্মাতাদের কমেন্ট নিয়ন্ত্রণে নতুন টুল, গ্রুপ চ্যাটে ভিডিও শেয়ার এবং এআইনির্ভর ভিডিও সম্পাদনাসহ আরও কয়েকটি সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইউটিউব।
সময়ের আলো/জেডি