নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রোববার সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মাঝে দ্বন্দ্ব হয়। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাস চালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করেন অটোরিকশা (সিএনজি) চালকরা।
এতে গুরুত্বর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর প্রতিবাদে রোববার সকাল ৭টা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়া বাড়তি সময়ও ব্যয় হচ্ছে।
বাস মালিক ও শ্রমিকরা জানান- সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অটোরিকশা (সিএনজি) যাত্রী নিয়ে শহরের বাইরে পরিবহন করতে পারবে না। কিন্তু তারপরও তারা শহরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে প্রায় তাদের সাথে দ্বন্দ্ব হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও অটোরিকশা (সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় অনেক সময় দূর্ঘটনার কবলে পড়তে হয়।
জেলার সাপাহার থেকে আদালতে মামলার হাজিরা দিতে এসেছেন আফসার আলী। তিনি বলে সাপাহার বাসস্ট্যান্ড এসে দেখি বাস চলাচল বন্ধ। পরে বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে তিনদফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। এতে ১৫০ টাকার টাকার ভাড়ার প্রায় ২০০ টাকা গুনতে হয়েছে। এছাড়া সময় বেশি লেগেছে প্রায় দেড় ১ ঘন্টা।
নওগাঁ শহরে কাজ শেষ করে মান্দায় যাবেন রফিকুল। তিনি বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে দেখেন সব বাস চলচল বন্ধ। মান্দার ফেরিঘাটের দুরুত্ব ৩০ কিলোমিটার। পর বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যোগে গন্তব্যে রওয়ানা দেন। যেখানে ৫০ টাকার ভাড়ার গুনতে হবে ৭০ টাকা। বাস শ্রমিকদের দ্বন্দ্বে মাঝেমাধ্যে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বাস মালিক এনামুল হক বলেন- অটোরিকশায় (সিএনজি) যাত্রী উঠানে নিয়ে বাস চালকের সাথে কথাকাটাকাটি হয়। এর জের ধরে পত্নীতলার নজিপুরে বাসচালক ও সুপারভাইজারকে অটোরিকশার চালকরা মারধর করে। এর প্রতিবাদে বাস শ্রমিকরা অভ্যন্তরীন সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিয়ে শহরের বাইরে পরিবহন করতে পারবে না। কিন্তু তারপরও তারা শহরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে প্রায় তাদের সাথে দ্বন্দ্ব হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও অটোরিকশা (সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। এর একটা সমাধান হওয়া দরকার।
সময়ের আলো/এনএন