নরওয়েতে দুই শিশুর সঙ্গে ছবি তুলে ভাইরাল রোনালদো

খেলা

নরওয়ের মাটিতে মাঠে নামার আগেই ভক্তদের মন জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলতে উলেভাল স্টেডিয়ামে যাওয়ার

2026-09-27T20:12:39+00:00
2026-09-27T20:12:39+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নরওয়েতে দুই শিশুর সঙ্গে ছবি তুলে ভাইরাল রোনালদো
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম 
ছবি : সংগৃহীত
নরওয়ের মাটিতে মাঠে নামার আগেই ভক্তদের মন জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলতে উলেভাল স্টেডিয়ামে যাওয়ার সময় দুই শিশুভক্তের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন পর্তুগিজ তারকা।

রোববার নরওয়ের রাজধানী অসলোতে মুখোমুখি হবে নরওয়ে ও পর্তুগাল। ম্যাচটি উলেভাল স্টেডিয়ামে শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। দুই দলই প্রথম ম্যাচ জিতে মাঠে নামছে।

পর্তুগাল দল স্টেডিয়ামে পৌঁছানোর সময় প্রিয় খেলোয়াড়দের একনজর দেখতে বাইরে ভিড় করেছিলেন অনেক সমর্থক। দলীয় বাস থেকে রোনালদো নামতেই তাকে ঘিরে উচ্ছ্বাস বেড়ে যায়। অসংখ্য ভক্ত মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন।

এই ভিড়ের মধ্যেই রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করছিল দুই শিশু। তাদের একজনকে ওপরে তুলে ধরেছিলেন স্বজনেরা। পাশে থাকা আরেক ছোট্ট মেয়েও রোনালদোর সঙ্গে ছবি তোলার অনুরোধ জানাচ্ছিল।

একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা রোনালদোকে ঘিরে ফেলেন এবং ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাতে মনে হচ্ছিল, শিশুদের সঙ্গে দেখা করার সুযোগ হয়তো আর হবে না। কিন্তু রোনালদো থেমে যান। নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই দুই শিশুর সঙ্গে ছবি তোলেন তিনি।


মুহূর্তটি ছিল খুবই সংক্ষিপ্ত। তবে রোনালদোর এই আচরণে সেখানে থাকা সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। পরে আরও কয়েকজন ভক্তের সঙ্গে ছবি তোলার জন্যও সময় দেন তিনি। নিরাপত্তার কারণে অবশ্য বেশিক্ষণ সেখানে থাকেননি পর্তুগিজ অধিনায়ক।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি রোনালদোর জন্য আরও বিশেষ। কারণ উলেভাল স্টেডিয়ামে এটাই তার প্রথম ম্যাচ। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পর্তুগালের দলে রেখেছেন নতুন কোচ হোর্হে জেসুস।

মাঠের লড়াইয়েও থাকছে বাড়তি আকর্ষণ। নরওয়ে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্লিং হালান্ড। অন্যদিকে পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। জয়সূচক গোলটি করেছিলেন হোয়াও ফেলিক্স।

ফলে দুই দলই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। তবে ম্যাচের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে রোনালদো ও হালান্ডের মুখোমুখি হওয়া। দুই প্রজন্মের দুই তারকার লড়াই ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মাঠে সেই লড়াই শুরুর আগেই অবশ্য নরওয়েতে রোনালদো তৈরি করে ফেলেছেন স্মরণীয় এক মুহূর্ত—দুই শিশুভক্তের আবদারে ছবি তুলে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নরওয়ে  দুই শিশু  ভাইরাল  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: