প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগামী ২ অক্টোবর মুম্বাইয়ে বিক্ষোভ করার পরিকল্পনা করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে ওই কর্মসূচির জন্য মুম্বাই পুলিশ অনুমতি দেয়নি বলে দাবি করেছেন দলটির সহপ্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, ২ অক্টোবরের বিক্ষোভের অনুমতিও মুম্বাই পুলিশ দেয়নি। তার অভিযোগ, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে সিজেপি ঘোষণা দিয়েছিল, ২৬ সেপ্টেম্বরের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু করা হবে। মুম্বাই থেকেই এই আন্দোলনের সূচনা করার পরিকল্পনা ছিল দলটির।
দীপকে আরও জানিয়েছেন, তাদের ‘প্রতিবাদের অধিকার’ বাধাগ্রস্ত করা হলে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করা হবে। এরপর এই কর্মসূচি ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই বিভিন্ন কর্মসূচির ডাক দিয়ে আসছে সিজেপি। নির্বাচন কমিশনের কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলটির পক্ষ থেকে একাধিক অভিযোগও তোলা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ