অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ১৪৩ জন ইসরায়েলি সেখানে প্রবেশ করেন। ইসরায়েলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তারা আল-আকসা প্রাঙ্গণে ঢুকে কয়েক ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনায় অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।
জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, এসব কর্মকাণ্ড আল-আকসার ঐতিহাসিক ও আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ।
এদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল সতর্ক করে বলেছেন, আল-আকসাকে ঘিরে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড পবিত্র স্থানটির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর ও বিতর্কিত স্থান হিসেবেও এটি পরিচিত।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/ইউএমএইচ