জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের নাম সরাসরি না বললেও দেশটিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া বক্তব্যে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। সন্ত্রাসবাদ বন্ধ না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। তার দাবি, সীমান্ত পেরিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালানো হলে সংশ্লিষ্ট দেশকে এর জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।
এর এক দিন আগে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’কে ‘বাহ্যিক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন এবং পাকিস্তানের সামরিক পদক্ষেপকে আত্মরক্ষার অধিকার হিসেবে দাবি করেন।
শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ জন্য ধন্যবাদ জানান।
ভারত অবশ্য অপারেশন সিঁদুর বন্ধে ট্রাম্পের ভূমিকার দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের বক্তব্য, পাকিস্তানের সামরিক কর্মকর্তার অনুরোধের পর দুই দেশের মধ্যে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সময়ের আলো/ইউএমএইচ