নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতের কাঠগড়ায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়্যব এরদোগান। গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ করেছে এবং রক্ত ঝরিয়েছে, তাদের অপরাধের জবাব দিতে হবে।
আনাদুলুর খবর অনুযায়ী, গত শনিবার ইস্তানবুলে ২১তম মুসিয়াড এক্সপো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং ২৯তম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গণহত্যাকারীরা যদি বিচার ও ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহি না করে, তবে এই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।
ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাইবোনরা অধিকার ও সুবিচারের লড়াইয়ে একা নন। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সত্য কথা বলে যাব এবং নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে উঠব।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরুর সময় যারা কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের প্রশংসাও করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে গিয়ে গণহত্যার অপরাধীদের উপযুক্ত জবাব দিয়েছে।
এরদোগান আরও মন্তব্য করেন, পুরো অঞ্চল একটি পূর্ণাঙ্গ সংকটময় ঝড়ের মুখোমুখি এবং আন্তর্জাতিক ব্যবস্থা বৈধতা, প্রতিনিধিত্ব ও সুবিচারের সংকটে রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ