প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু কিনতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না, কোন জিনিসটা কোথায় কম দামে পাওয়া যাবে। যারা ঢাকায় থাকেন কিংবা রাজধানীর বাইরে থেকে কেনাকাটার উদ্দেশ্যে ঢাকা আসেন, তাদের জেনে রাখা জরুরি এখানে কোথায় কী কী জিনিস তুলনামূলক স্বল্প মূল্যে পাওয়া যায়।
বায়তুল মোকাররম মার্কেট
এখানে বিভিন্ন জুয়েলারি দোকান রয়েছে। ক্যামেরা, সিডি, ডিভিডি প্লেয়ার, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যায়। ব্যাগ, লাগেজ, ঘড়ি, চশমা, ক্রোকারিজ, জামা-কাপড়, জুতা, খেলনা ইত্যাদি তুলনামূলক অল্প দামে কেনার সুযোগ রয়েছে এখানে। ইসলামী ফাউন্ডেশনের বই বিক্রয়কেন্দ্রসহ আতর, টুপি, পাঞ্জাবি, বোরকা, জায়নামাজের দোকানও রয়েছে। এছাড়া মসজিদ প্রাঙ্গণে ইসলামি বই, সিডি, ডিভিডিও বিক্রি হয়।
আরামবাগ
বিভিন্ন ক্রীড়া সংঘ, কম্পিউটার্স, কম্পোজ, ডিজাইন, প্রিন্টিং প্রেস ইত্যাদির জন্য বিখ্যাত।
বঙ্গবাজার
গেঞ্জি, প্যান্ট, শার্ট, পোশাক, জুতো এবং শাড়ি কম দামে পাবেন এখানে। এছাড়া কাপড়, সুতা, বোতাম, জিপার ইত্যাদিও সংগ্রহ করতে পারেন।
নবাবপুর
ফেব্রিকস, গার্মেন্টস এক্সেসরিজ, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদির জন্য যেতে পারেন নবাবপুর।
ইসলামপুর
পাইকারি কাপড়ের জন্য ইসলামপুর সেরা একটি স্থান। সারা দেশ থেকে এখানে মানুষ পাইকারি দামে কাপড় কিনতে আসেন।
স্টেডিয়াম মার্কেট
নতুন-পুরাতন মোবাইল, কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক্সসের অনেক দোকান রয়েছে এখানে। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, কালার টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, রাইস কুকার, টোস্টার, সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার, আয়রন, স্টিল ক্যামেরা, মুভি ক্যামেরা, মোবাইল ফোন, চার্জার, মেমরি কার্ড, টিভি কার্ড, ডিস অ্যান্টেনা, রিসিভার, ভিসিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, সিসি টিভি, নিরাপত্তা সরঞ্জাম এবং গ্যাসের চুলাও পাওয়া যায়।
ধোলাইখাল
এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় হাজার পাঁচেক খুচরা যন্ত্রাংশের দোকান রয়েছে। মোটর পার্টসের দোকান ছাড়াও রয়েছে ড্রাম শিট, লেদ মেশিন ও পুরনো লোহা লক্কড়ের দোকান।
পাটুয়াটুলি
পুরান ঢাকার পাটুয়াটুলি রোডে ইলেক্ট্রনিকের মার্কেট আছে, যা স্টেডিয়াম মার্কেটের চেয়েও বেশি সমৃদ্ধ।
বাংলাবাজার
বাংলাদেশের মধ্যে বইয়ের বৃহত্তম মার্কেট বাংলাবাজার। পাঠ্যবইসহ অন্যান্য অনেক ধরনের নতুন ও পুরনো বই পাওয়া যায় সেখানে।
নিউমার্কেট
এখানে কাপড়, গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী, স্যুভেনির, শোপিসসহ অসংখ্য জিনিস পাওয়া যায়। ভালোভাবে ঘুরলে অল্প দামেই অনেক জিনিস সংগ্রহ করতে পারবেন। এছাড়া উত্তর দিকে মুদি দোকান, মাছ, মাংস, ফল ও সবজির বাজার রয়েছে।
নীলক্ষেত
ঢাকা শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছে নীলক্ষেত অনেক পরিচিত। কেননা এখানে দেশি-বিদেশি বই তুলনামূলক কম দামে পাওয়া যায়। পাশাপাশি ফটোকপির দোকান, বাইন্ডিং, কম্পিউটারে কাজ করার দোকান, ছাপাখানা, সাইবার ক্যাফে ও অটো ক্যাড প্রিন্টিংয়ের দোকানও রয়েছে।
গাউসুল আজম মার্কেট
এখানে ফটোকপি, সাইবার ক্যাফে, মুদ্রণ ও প্রিন্টিং, টেইলার্স, ছবি বাঁধাইয়ের দোকান ইত্যাদি রয়েছে। অল্প দামে এখানে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়।
কারওয়ান ও হাতিরপুল বাজার
ঢাকা ও ঢাকা শহরের সবচেয়ে বড় কেন্দ্রীয় পাইকারী ও খুচরা কাঁচা বাজার হলো কারওয়ান বাজার। এটি ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা। এছাড়া, হাতিরপুল বাজার থেকেও অল্প দামে কাঁচা বাজার ও বিভিন্ন খাদ্যপণ্য কিনতে পারেন।
সময়ের আলো/মহু