শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করেন সৌরভ। পরে সেটি পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালালে টিনশেড ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সৌরভের স্ত্রীও অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, সৌরভের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
সৌরভ হোসেন হিদনাল হালগড়া শিশু-কিশোর একাডেমির পরিচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
সময়ের আলো/জোই