শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দেশীয় ফ্যাশন, হস্তশিল্প ও লাইফস্টাইল পণ্যের সমন্বয়ে তিন দিনব্যাপী ‘সুতোর গল্প : নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ধানমন্ডির মাইডাস সেন্টারে এ মেলায় অংশ নিয়েছেন দেশের প্রথিতযশা ও উদীয়মান অর্ধশতাধিক উদ্যোক্তা।
গত ২৫ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া এ আয়োজন চলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন নাসের খান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, কোরিওগ্রাফার আজরা মাহমুদসহ অনেকে।
‘সুতোর গল্প’ নামটির মধ্যেই রয়েছে আয়োজনের মূল ভাবনা। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, কারুশিল্প ও আধুনিক নকশাকে এক সুতোয় বেঁধে ক্রেতাদের সামনে তুলে ধরছেন উদ্যোক্তারা।
মেলায় শাড়ি, পাঞ্জাবি, কুর্তি ও অন্যান্য পোশাকের পাশাপাশি রয়েছে হাতে তৈরি গহনা, ব্যাগ, জুতা, হস্তশিল্প এবং ঘর সাজানোর নানা সামগ্রী।
শারদীয় উৎসবকে কেন্দ্র করে অংশ নেওয়া ব্র্যান্ডগুলো তাদের নতুন সংগ্রহ নিয়ে হাজির হয়েছিল এই উৎসবে। কোথাও বাংলার ঐতিহ্যবাহী মোটিফ ও নকশার ব্যবহার, আবার কোথাও দেশীয় উপকরণকে আধুনিক ডিজাইনে উপস্থাপন করা হয়েছে। ফলে ঐতিহ্য ও সমসাময়িক রুচির একটি মেলবন্ধন দেখা যাচ্ছে মেলার বিভিন্ন স্টলে।
আয়োজকদের মতে, ‘সুতোর গল্প’ শুধু কেনাকাটার আয়োজন নয়, দেশীয় উদ্যোক্তা ও ক্রেতার সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্মও। বিশেষ করে নতুন উদ্যোক্তারা নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিত করার সুযোগ পাচ্ছেন। ক্রেতারাও পণ্য কেনার পাশাপাশি সরাসরি উদ্যোক্তাদের কাছ থেকে পণ্যের নকশা, উপকরণ ও তৈরির গল্প জানতে পারছেন।
মেলায় অংশ নিয়েছে সাদা কালো, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, দেশাল, নিপুণ, ট্রেন্ডজ, সুতলি, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, কইন্যা, কালিন্দী, বুনো, তেরো পার্বণ, মুনমুন’স, কাপড়-ই-বাংলা, অয়ন ক্রাফটস, সীবনী, কল্পতরু, রিংকি’স অ্যাটায়ারসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান।
দুর্গাপূজার কেনাকাটায় ‘সুতোর গল্প’ দেশীয় পণ্যের প্রতি আগ্রহী ক্রেতাদের জন্য এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের শারদীয় সংগ্রহ দেখার ও কেনার সুযোগ তৈরি করেছিল।
সময়ের আলো/প্রিন্ট/টিকে/এমকে