শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ইতোমধ্যেই ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পিডিবি সূত্রে জানা গেছে, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস ধরে প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগে তিনি কোনো রিচার্জ করছিলেন না। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনের সময় অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়।
এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সঙ্গেই অভিনব কৌশলে আরেকটি অবৈধ সংযোগ নিয়ে তিনি তা ব্যবহার করতেন। যেহেতু বৈধ সংযোগে কোনো বিদ্যুৎ খরচ হতো না, তাই তিনি মিটার রিচার্জ করতেন না।
এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সময়ের আলো/আতা