শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
সময়ের আলো/জেডি