ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ বৈঠকের আয়োজন করেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) আওতাধীন ১১টি দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নেন। এতে আঞ্চলিক কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার বিষয় পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক কূটনৈতিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়। এএনআই।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সহকর্মীদের স্বাগত জানিয়ে লেখেন, দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের সব রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সার্জিও গোর আয়োজিত রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষ্য, এসব প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এর আগে গত সোমবার রাষ্ট্রদূত সার্জিও গোর অমৃতসরের পবিত্র শিখ উপাসনালয় ‘স্বর্ণ মন্দির’ পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সফরে তিনি ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ মিউজিয়ামও ঘুরে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সফরের ছবি প্রকাশ করে গোর এ অভিজ্ঞতাকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্জিও গোর দেশটির বিভিন্ন অঞ্চল সফর করছেন। এরই ধারাবাহিকতায় তিনি অমৃতসর সফর করেন। এর আগে তিনি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং লাদাখের লেহ সফর করেন।
রাজস্থান সফরের সময় মার্কিন রাষ্ট্রদূত ভারত ও যুক্তরাষ্ট্রের বৃহত্তম দ্বিপক্ষীয় সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ এবং বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় সংস্করণ সরেজমিনে প্রত্যক্ষ করেন।
মহড়াস্থলে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বৃহত্তম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা মহড়া দেখতে তিনি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পৌঁছেছেন। সেখানে দুই দেশের সেনাদের যৌথ প্রশিক্ষণ দেখার আগ্রহের কথাও জানান তিনি।
মহড়া পর্যবেক্ষণ শেষে গোর বলেন, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মার্কিন ও ভারতীয় সামরিক বাহিনীর যৌথ প্রশিক্ষণ দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব, পারস্পরিক আস্থা, প্রস্তুতি, আন্তঃকার্যক্ষমতা ও অভিন্ন লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
সময়ের আলো/ইউএমএইচ