নাজমুল হোসেন শান্তকে ছাড়াই আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। জ্বরে ভোগার কারণে এশিয়ান গেমস থেকে দেশে ফিরিয়ে আনা টেস্ট অধিনায়ক এখন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত বৃহস্পতিবার দলের সঙ্গে ভ্রমণ না করলেও ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড।
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সঙ্গে জাপানে ছিলেন শান্ত। তবে অসুস্থ হয়ে পড়ায় তাকে টুর্নামেন্টের স্কোয়াড থেকে সরিয়ে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। মঙ্গলবার রাতে বাংলাদেশে ফেরার পর বুধবার চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, শান্তর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকের মূল্যায়নও ইতিবাচক।
‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা প্রিকশন হিসেবে ওকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। সে গতকাল (মঙ্গলবার) রাতে বাংলাদেশে ফিরেছে। আজকে (বুধবার) সে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। তবে ওর জ্বরের যে কন্ডিশনটা, আমরা আজকে (বুধবার) পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বা ডাক্তার যে অ্যাসেসমেন্ট করেছে, হি ইজ ইমপ্রুভিং,’ বলেন শাহরিয়ার।
বৃহস্পতিবার আরব আমিরাতে যাত্রা করলেও শান্তকে সঙ্গে পাচ্ছে না বাংলাদেশ। তবে তার অনুপস্থিতি পুরো সফরের জন্য নয় বলেই আশা বিসিবির। আরব আমিরাত সফরে বাংলাদেশ প্রথমে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে আবুধাবিতে। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা।
বাংলাদেশের আনুষ্ঠানিক সিরিজ শুরু হবে ৫ অক্টোবর থেকে। ফলে বৃহস্পতিবারের ফ্লাইট মিস করলেও পর্যাপ্ত সময় হাতে রেখে শান্ত দলের সঙ্গে যোগ দিতে পারবে বলে মনে করছে বোর্ড।
‘আমরা খুবই আশাবাদী যে ও যথাসময়ে টিমের সঙ্গে যোগ দিতে পারবে। যদিও কালকে (বৃহস্পতিবার) ট্রাভেল করবে না, বাট আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট সিরিজ তো ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব, ইনশাআল্লাহ,’ বলেন শাহরিয়ার।
এশিয়ান গেমসে শান্তকে পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে ম্যাচ খেলতে পারেননি এবং পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এবার আরব আমিরাত সফরে তার অনুপস্থিতি শুরুতে বাংলাদেশের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে বিসিবির প্রত্যাশা, টেস্ট অধিনায়ক মূল সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের সামনে থাকা সফরটি অবশ্য শুধু টেস্টেই সীমাবদ্ধ নয়। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজে সাদা বলের ক্রিকেটেও মাঠে নামবে দল। ফলে শান্তর দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং সময়মতো দলের সঙ্গে যোগ দেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে