গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নিহত হন। তার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৬৩-এ পৌঁছেছে।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, হত্যা এবং পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
গাজায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, আরব সাংবাদিক ফেডারেশনসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে মিডিয়া অফিস।
একই সঙ্গে এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে