সিঙ্গাপুরে স্বল্পমেয়াদি ভ্রমণে বিশ্বের প্রায় ১৬১ দেশের নাগরিকদের আগাম ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। তবে এই সুবিধা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গাপুর যাওয়ার আগে ভিসা নিতে হয়।
সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস কর্তৃপক্ষের (আইসিএ) তথ্য অনুযায়ী, ৩৪ দেশের নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, উত্তর কোরিয়া, জর্ডান, লেবানন, সিরিয়া, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান।
আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশও এই তালিকায় রয়েছে। এর মধ্যে সোমালিয়া, আলজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, লিবিয়া, মালি, তিউনিসিয়া, মিসর, মরক্কো, নাইজেরিয়া, ইয়েমেন, বেলারুশ, আর্মেনিয়া, কসোভো, মলদোভা, জর্জিয়া ও ইউক্রেন উল্লেখযোগ্য।
ভিসামুক্ত দেশের নাগরিকদেরও সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হয়। পাসপোর্টের মেয়াদ প্রবেশের তারিখ থেকে অন্তত ছয় মাস থাকতে হবে। পাশাপাশি রিটার্ন বা পরবর্তী গন্তব্যের টিকিট, থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখানোর প্রস্তুতি রাখতে হয়। ভ্রমণের আগে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে সিঙ্গাপুর আগমন কার্ড জমা দিতে হয়।
এ ছাড়া ভারত, ইউক্রেন, জর্জিয়া, তুর্কমেনিস্তান ও সিআইএসভুক্ত কয়েকটি দেশের নাগরিকদের জন্য ৯৬ ঘণ্টার বিশেষ ট্রানজিট সুবিধা রয়েছে। তবে এ সুবিধার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় এবং ট্রানজিটের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই।
সময়ের আলো/এমকে