পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
গুতেরেস বলেন, আট দশকেরও বেশি সময় ধরে বিশ্ব পারমাণবিক হুমকির ছায়ায় বসবাস করছে। ভবিষ্যৎ প্রজন্মকেও একই পরিস্থিতির মধ্যে রাখা যাবে না।
তিনি বলেন, হুমকির পরিবর্তে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিষ্ক্রিয়তার পরিবর্তে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করি। পারমাণবিক অস্ত্রমুক্ত একটি ভবিষ্যৎ বেছে নিই।
তবে এ বক্তব্যে কোনো নির্দিষ্ট সংঘাত বা দেশের নাম উল্লেখ করেননি জাতিসংঘ মহাসচিব।
এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ৩১ ডিসেম্বর তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হওয়ার কথা রয়েছে। তবে এখনো তার উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/কেএইচও