দৈনিক সময়ের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামী-সন্তান ও স্বজনহীন অসহায় ৩ বোনের পাশে দাঁড়িয়েছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সময়ের আলো পত্রিকার অনলাইনে ‘তিন বোনের নেই আপনজন, ভাঙা ঘরে অসহায় জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইউএনওর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি ৩ বোনের হাতে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি ৭৯ বছর বয়সী অসুস্থ বড় বোনের চিকিৎসার ব্যবস্থা এবং পর্যায়ক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
অসহায় ৩ বোন তাদের দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সময়ের আলো কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও প্রতিনিধি শ্রীজীব কুন্ডু বলেন, ‘সংবাদটি দেখার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এটি একটি মানবিক উদ্যোগ। পর্যায়ক্রমে সহায়তার ব্যবস্থা এবং ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।’
সময়ের আলো/মহু