বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাবুয়ান এলাকায় একটি নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার উত্তর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে নৌ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কীভাবে এবং কত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হবে।
মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সময়ের আলো/মহু