বিমানে বসে চ্যাটজিপিটির সাহায্যে ব্যবসার পরিকল্পনা করছিলেন ভারতের হায়দ্রাবাদের ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ। তবে প্রযুক্তি ব্যবহারের চেয়ে তার বিনয়ী আচরণই শেষ পর্যন্ত তাকে নেটদুনিয়ায় ভাইরাল করে তুলেছে।
সম্প্রতি এক বিমানযাত্রায় পাশের আসনের এক যাত্রী দেখতে পান, প্রসাদ গভীর মনোযোগ দিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন করছেন। তিনি ‘ভার্টিক্যাল ফার্মিং’ বা উল্লম্ব কৃষিভিত্তিক একটি ব্যবসার পরিকল্পনা তৈরি করছিলেন।
চ্যাটজিপিটির কাছ থেকে পাওয়া প্রতিটি পরামর্শের জবাবে প্রসাদ বারবার তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। তার কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে।
চ্যাটজিপিটিকে দেওয়া এক বার্তায় প্রসাদ লিখেছিলেন, ‘চমৎকার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার। আমাকে ফাইল দুটো ডাউনলোড করতে দিন, স্যার।’
টেকনোসোর নামের এক্স অ্যাকাউন্ট থেকে প্রসাদের ছবি ও ঘটনার বিবরণ প্রকাশ করা হয়। পোস্টটি দ্রুত ব্যাপক মানুষের নজরে আসে। পোস্টদাতার দাবি, পুরো যাত্রাপথে প্রসাদ অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করছিলেন এবং পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়।
প্রযুক্তির প্রতি ৭৭ বছর বয়সী প্রসাদের আগ্রহ এবং এআইয়ের সঙ্গে তার ভদ্র আচরণে মুগ্ধ হয়েছেন অনেকে। কেউ কেউ রসিকতা করে বলেছেন, ভবিষ্যতে এআই পৃথিবী নিয়ন্ত্রণ করলেও প্রসাদের বিনয় তাকে নিরাপদ রাখবে।
ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে প্রসাদ নিজেও এক্সে লেখেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণে এআই প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/এমকে