ঢাকায় এসে ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা দেবে রোমানিয়ার একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সেবা দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।
উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে এ ভ্রাম্যমাণ কনস্যুলার মিশন আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও সহায়তা দেওয়া হবে।
তবে ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত দিয়েছে দূতাবাস। শুধু রোমানিয়ার অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা আবেদনকারীদের কাছ থেকেই আবেদন গ্রহণ করা হবে।
যেসব আবেদনকারী ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা ঢাকায় ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের সময় ভিসা আবেদন জমা দিতে পারবেন না।
দূতাবাস জানিয়েছে, মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভ্রান্তি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় সব নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সময়ের আলো/এমকে