মহাকাশে নিজেদের প্রথম স্যাটেলাইট পাঠিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়।
শুক্রবার (২ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিরগিজ প্রেসিডেন্টের কার্যালয়ের প্রেস সার্ভিস জানিয়েছে, স্যাটেলাইটটি একাধিক মহাকাশযানের বহরের অংশ হিসেবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে এই মহাকাশ অভিযান পরিচালিত হয়।
উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ। স্যাটেলাইটটির কার্যক্রম রাজধানী বিশকেকে স্থাপিত একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পরিচালনা করা হবে।
কিরগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য কৃষি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। এর মাধ্যমে কৃষিজমি, হিমবাহ, জলাশয়, বন ও চারণভূমির পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ ছাড়া প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পরিবর্তন, অবৈধভাবে সম্পদ উত্তোলন, অনুমোদনহীন বর্জ্য ফেলার স্থান এবং বিভিন্ন দূষণের উৎস শনাক্ত করতেও স্যাটেলাইটের তথ্য কাজে লাগানো হবে। পরিবহন ও পণ্য সরবরাহের পথ ব্যবস্থাপনাতেও এসব তথ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার খুলল কিরগিজস্তানের জন্য।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে