পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক সবুজ গাজী (৪২) আরোহী ইসমাইল হোসেন (৩২) ও পথচারী সাইফুল ইসলাম (৩৮) গুরুতর আহত হন।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখিল ভৌমিক ও আহত সাইফুল ইসলামের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে। চালক সবুজ গাজী ও আরোহী ইসমাইল হোসেনের বাড়ি কুয়াকাটায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে চালক সজীব গাজী ও আরোহী ইসমাইল হোসেন কলাপাড়া থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে নিখিল ভৌমিক ও সাইফুল ইসলাম মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অটো রিকশাযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এনএন