হরমুজ প্রণালিতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের পর পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ওমানি কর্তৃপক্ষের সহায়তায় ‘এমটি কাজিমাহ থ্রি’ ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে আনা হয়েছে।
তবে ট্যাংকারটিতে আঘাত হানা প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা হামলায় জাহাজটির কি পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এ ছাড়া ভারতগামী পণ্যবাহী ছয়টি ভারতীয় পতাকাবাহী ও ছয়টি বিদেশি পতাকাবাহী জাহাজে প্রায় ১৬৩ ভারতীয় নাবিক রয়েছেন।
জাহাজগুলোর চলাচল পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে কূটনৈতিক মিশন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়।
সময়ের আলো/জেডি