ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৯৭টি নির্ভুল হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী। এসব হামলা লাহিজ ও তাইজ প্রদেশের আল-তাওয়াহি ফ্রন্টে চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, বিমান, ড্রোন, গোলন্দাজ অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হামলায় হুথিদের ২৬০ সদস্য ‘নিষ্ক্রিয়’ হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি সামরিক যান এবং পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে আল-নুজাইলি জানিয়েছিলেন, সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহিজ ও তাইজে হুথিদের বিরুদ্ধে আরও ২৫৭টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিমান, ড্রোন, গোলন্দাজ অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার দাবি, ওই হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
তবে সরকারপন্থি বাহিনীর এসব যুদ্ধক্ষেত্রের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।
সময়ের আলো/জেডি