ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডেতে শেরফানে রাদারফোর্ডের আউট নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্ত।
শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে ম্যাচের ৩০তম ওভারের শেষ বলে নামান ধিরের ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন রাদারফোর্ড। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে। ক্যাচের আবেদনে অনফিল্ড আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল আঙুল তুলে দিলে দ্রুত রিভিউ নেন রাদারফোর্ড।
তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকা শরফুদ্দৌলা রিপ্লে ও ডিআরএসের তথ্য দেখে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে সিদ্ধান্তটি নিয়ে সন্তুষ্ট ছিলেন না রাদারফোর্ড। সাজঘরে ফেরার আগে তাকে আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলতে দেখা যায়।
ডিআরএসের রিপ্লেতে ব্যাট অতিক্রমের সময় বলের কাছে একটি স্পাইক দেখা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রিকেটপ্রেমী দাবি করেন, স্পাইক দেখা গেলেও ব্যাট ও বলের মধ্যে সামান্য ফাঁক ছিল। তাদের মতে, স্পাইকটি ব্যাটে নয়, প্যাডে বল লাগার কারণে তৈরি হয়ে থাকতে পারে।
রাদারফোর্ড ২৪ রান করে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন শাই হোপ। তার অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংসে ৩৫২ রানের লক্ষ্য পেরিয়ে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগও হাতছাড়া হয় সফরকারীদের।
সময়ের আলো/এমকে