গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের সামনে ভিন্ন কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একপক্ষীয় দাবি জানানোর সময় শেষ।
তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুবই স্পষ্ট ও দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
এর আগে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে ইরানের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
বিদেশি দূতদের কাছে ইরানি মন্ত্রী আরও বলেন, হরমুজ খোলার জন্য ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।
আরাঘচি বলেন, তারা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে দেশটি যদি আবারও সামরিক পথে হাঁটে, তাহলে ইরান প্রস্তুত রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক সমাধানের দিকে এগোয়, তাহলে ইরান আগের চেয়ে আরও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় যা করা প্রয়োজন, তাই করবে।
সময়ের আলো/ইউএমএইচ