জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর যেন বিশ্বাসই করতে পারছেন না তাদের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই জুটির আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ফিরে তাকাচ্ছেন তাদের প্রেমের শুরুর দিনগুলোর দিকে। যে ‘জাদুকর’ গানকে ঘিরে তাদের কাছাকাছি আসা, সেই সম্পর্কই একসময় গড়িয়েছিল বিয়েতে।
২০১৭ সালে প্রীতমের কণ্ঠে প্রকাশিত হয় গান ‘জাদুকর’। এর মিউজিক ভিডিওতে প্রীতমের সঙ্গে অভিনয় করেন শেহতাজ। কাজ করতে গিয়েই শেহতাজের প্রতি ভালো লাগা তৈরি হয় প্রীতমের। পরে সেই ভালো লাগা রূপ নেয় প্রেমে।
শেহতাজকে বিয়ের ব্যাপারে খুব বেশি সময় নেননি প্রীতম। একপর্যায়ে সরাসরি শেহতাজের মায়ের কাছেই বিয়ের প্রস্তাব দেন তিনি। ২০২২ সালে বিয়ের পর এক অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে প্রীতম জানিয়েছিলেন, ‘জাদুকর’ থেকেই শেহতাজের সঙ্গে তার সম্পর্কের শুরু।
প্রীতম বলেছিলেন, ‘শেহতাজের সঙ্গে আমি ৫ বছর ধরে প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি।’
শেহতাজের মায়ের সম্মতিও পেয়েছিলেন প্রীতম। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘তার মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কোন সময় কী কী করতে হবে। আমি বলেছি, ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম।’
দুই পরিবারের সম্মতিতে ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসে প্রীতম-শেহতাজের বিয়ের আসর। গায়ে হলুদ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা—সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভক্তদেরও মুগ্ধ করেছিল।
বিয়ের পরও তাদের সম্পর্কের নানা মুহূর্ত উঠে এসেছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথম ঈদে স্ত্রী শেহতাজকে ৫০ হাজার টাকা সালামি দিয়েছিলেন প্রীতম। তখন শেহতাজ জানিয়েছিলেন, সম্পর্কের শুরু থেকেই ঈদে প্রীতমের কাছ থেকে সালামি পেয়ে আসছেন তিনি।
এক সাক্ষাৎকারে শেহতাজ বলেছিলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা।’
ভক্তদের কাছেও সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন প্রীতম-শেহতাজ। সম্প্রতি এক মন্তব্যে শেহতাজ জানিয়েছিলেন, বিয়ের পর প্রীতম তাকে তার বাবা-মায়ের মতোই যত্নে রাখেন। তিনি বলেছিলেন, ‘ওকে নিয়ে আমি প্রাউড ফিল করি। ও ছাড়া আমার চলেই না।’
তবে, সেই মন্তব্যের রেশ কাটার আগেই সামনে এসেছে তাদের বিচ্ছেদের খবর। যে সম্পর্কের শুরু হয়েছিল ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে, ৫ বছরের প্রেমের পর যে সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে, ৪ বছর পর সেই সম্পর্কেই এখন ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম।
সময়ের আলো/মহু