আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আফগানদের বিপক্ষে খেলতে টাইগাররা এখন আমিরাতে অবস্থান করছে। খেলেছে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচও। তবে ওই ম্যাচে দলে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল দলের সঙ্গে যোগ দিতে আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। বিসিবির একটি সূত্রে এমনটাই জানা গেছে।
এশিয়ান গেমস খেলতে জাপান গিয়েও জ্বরের কারণে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এরপর দেশে ফিরে সময়মতো সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারেননি তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় দেশ ছাড়েন শান্ত। সন্ধ্যা সাড়ে ৭টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
শুরুতে কথা ছিল, জাপানে এশিয়ান গেমস শেষে লিটন-শান্তরা সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু প্রচণ্ড জ্বরে শেষ পর্যন্ত শান্তকে দেশে পাঠানো হয়। এরপর থেকেই রিকভারির মধ্যে ছিলেন তিনি। একাধিক টেস্ট করানো হয়েছে, সবগুলোতেই নেগেটিভ এসেছে। একমাত্র চিন্তার জায়গাটা ছিল ফিটনেস নিয়ে। রোববার অনুশীলন করেছেন কোনো সমস্যা ছাড়াই। এরপর ফিটনেস টেস্টেও পাস করেছেন তিনি। এরপরই সিদ্ধান্ত হয়েছে আরব আমিরাতে যাবেন শান্ত। তবে প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলতে পারেননি। আবু ধাবিতে মাত্র দুদিনের প্রস্তুতি নিয়েই টেস্টে মাঠে নামতে হবে তাকে।
সময়ের আলো/ইউএমএইচ