চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে তার জন্য বাড়তি বিশ্রামের ব্যবস্থা এবং কর্মসূচি কমানোর অনুরোধ করেছিলেন চীনা কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সফর পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে শি জিনপিংয়ের বিশ্রামের জন্য একটি ব্যক্তিগত কক্ষ চেয়েছিল চীনা পক্ষ। সেখানে তার স্ত্রী পেং লিয়ুয়ান ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি সফরসঙ্গী ও চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা কাই ছিকেও ওই কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।
২৪ সেপ্টেম্বর শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি কর্মমধ্যাহ্নভোজের আয়োজন করা হলেও চীনা পক্ষ এতে অংশ নেয়নি। শি জিনপিংয়ের বিশ্রামের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন জানিয়ে কর্মসূচি বাতিল করা হয়। এতে দুই নেতার বৈঠকের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টার বিরতি তৈরি হয়।
সফরের বিভিন্ন সময় শি জিনপিংয়ের চলাফেরাও আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমান থেকে নামার সময় তিনি পেং লিয়ুয়ানের হাত ধরে এবং রেলিং ব্যবহার করে সিঁড়ি দিয়ে নামছেন। দুই দিন পর ন্যাশনাল আর্কাইভসে যাওয়ার সময়ও তাকে পেংয়ের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়।
তবে এসব ঘটনাকে শি জিনপিংয়ের নির্দিষ্ট কোনো অসুস্থতার প্রমাণ হিসেবে নিশ্চিত করা যায়নি। এর আগেও ব্রিকস সম্মেলনে তার শারীরিক অস্বস্তি নিয়ে আলোচনা হয়েছিল। নয়াদিল্লিতে উদ্বোধনী অধিবেশনে তাকে অস্বস্তিতে দেখা গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দোভাষীর মাধ্যমে খোঁজ নেন, ‘সব ঠিক আছে তো?’
শি জিনপিং চীনের প্রেসিডেন্টের পাশাপাশি কমিউনিস্ট পার্টি ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে রয়েছেন। তাই তার স্বাস্থ্য নিয়ে যেকোনো গুরুতর তথ্য দেশটির রাজনীতি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
সময়ের আলো/এমকে