লিওনেল মেসির সঙ্গে প্রথমবার একই ড্রেসিংরুম ভাগ করার অপেক্ষায় আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো। তবে এই বিশেষ মুহূর্তের আনন্দের পাশাপাশি মেসির জাতীয় দল থেকে বিদায়ের বিষাদও ছুঁয়ে যাচ্ছে তাকে।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তাই সতীর্থদের মধ্যে এখন চলছে মেসিকে শেষবারের মতো কাছ থেকে উপভোগ করার প্রস্তুতি।
বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেলেও আর্জেন্টিনা শিবিরে এখন আলোচনার কেন্দ্রে মেসির বিদায়। এনজো ফার্নান্দেজ বলেছেন, মেসির শেষ দিনগুলো সতীর্থদের সঙ্গে আনন্দে কাটাতে চান তাঁরা।
মেসির সঙ্গে এখনো ড্রেসিংরুম ভাগ না করা কাস্ত্রোর কাছে বিষয়টি আরও আবেগের। তিনি বলেন, ‘এই প্রথম আমি মেসির সঙ্গে দেখা করব। আগে কখনো একসঙ্গে ড্রেসিংরুমে থাকা হয়নি। অনুভূতিটা খুবই বিশেষ। আমি বড় হয়েছি তাকে দেখে। তিনিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন, এই জার্সির অর্থ বুঝিয়েছেন।’
মেসির ঘনিষ্ঠ বন্ধু ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব ও যেন যতটা সম্ভব উপভোগ করতে পারে। তাকে ভালোবাসায় ভাসাব, চুমুতে ভরিয়ে দেব। সে যাতে খুশিমনে বিদায় নিতে পারে, সব চেষ্টা করব।’
শিরোপা, গোল ও রেকর্ডে সমৃদ্ধ মেসির জাতীয় দল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে সতীর্থদের চাওয়া একটাই, বিদায়ের রাতে যেন তাঁদের প্রিয় অধিনায়কের মুখে থাকে সেই চেনা হাসি।
সময়ের আলো/এমকে