কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কাজাখস্তানের নৌবাহিনীর সাবেক কমান্ডার-ইন-চিফ কানাত নিয়াজবেকভকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কিউজইনফর্ম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়ার সময় প্রাণহানির ঘটনায় চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে সাবেক নৌপ্রধানকে আটক করা হয়। তিনি ফার্স্ট-র্যাঙ্ক ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। তার বিরুদ্ধে দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগ আনা হয়েছে। পরে আদালত তার গ্রেফতারের অনুমোদন দেন। বর্তমানে মামলাটির প্রাক-বিচার তদন্ত চলছে।
গত ২৪ সেপ্টেম্বর মাঙ্গিস্তাউ অঞ্চলে কাস্পিয়ান সাগরের উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মহড়া চলাকালে আবহাওয়ার পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যায় এবং বাতাসের গতি বেড়ে যায়। এতে ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে যান।
ঘটনার পর নিহতদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে মহড়ায় নিহত ১২ জন সেনাসদস্যের তালিকা প্রকাশ করে।
ঘটনাটি তদন্তে প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ একটি সরকারি কমিশন গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে সামরিক সদস্যদের মৃত্যুর ঘটনায় প্রসিকিউটররা কয়েকজন সন্দেহভাজনের নামও প্রকাশ করেছেন।
বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছিল নৌ মহড়া
‘খাজার কোরগানি-২০২৬’ নামের এই নৌ মহড়া ২২ সেপ্টেম্বর কাজাখস্তানের কাস্পিয়ান সাগরীয় অঞ্চলে শুরু হয়। মহড়ায় ৫০০-এর বেশি সামরিক সদস্যের পাশাপাশি নৌজাহাজ ও নৌকা, হাইড্রোগ্রাফিক জাহাজ, সীমান্তরক্ষী বাহিনীর কোস্টগার্ড ইউনিট এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিমান অংশ নেয়।
মহড়ার কয়েক দিনের মধ্যেই ঘটে প্রাণঘাতী এই দুর্ঘটনা। সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানে জাতীয় শোক দিবস পালন করা হয়।
মামলার তদন্ত এখনো চলছে। সাবেক নৌপ্রধানের বিরুদ্ধে আনা অভিযোগের পাশাপাশি মহড়ার সময় নিরাপত্তাব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও তদন্তের আওতায় রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ