ফ্রান্সের শেষ ঝড়ে উড়ে গেল বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

শেষ মুহূর্তের নাটকীয়তায় বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশনস লিগে দারুণ জয় পেয়েছে ফ্রান্স। এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে চারবার

2026-10-07T01:33:55+00:00
2026-10-07T01:33:55+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
ফ্রান্সের শেষ ঝড়ে উড়ে গেল বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তের নাটকীয়তায় বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশনস লিগে দারুণ জয় পেয়েছে ফ্রান্স। এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে চারবার জালে বল পাঠিয়ে ৪-১ ব্যবধানে জিতেছে জিনেদিন জিদানের দল। একই রাতে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। তবে রোমানিয়াকে আগের ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত করা পোল্যান্ড এবার বসনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে।

স্তাদ দ্য ফ্রান্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৩৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দোদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ফরাসি রক্ষণ ভেঙে দ্রুত আক্রমণে উঠে ঠান্ডা মাথায় গোলটি করেন এই ফরোয়ার্ড।

কিলিয়ান এমবাপেকে ছাড়া নামা ফ্রান্স বিরতির পরও সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। একাধিক সুযোগ তৈরি হলেও বেলজিয়ামের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পরিস্থিতি বদলাতে বেঞ্চের শক্তিকে কাজে লাগান জিদান। আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নামা দেজিরে দুয়ে ৭৭ মিনিটের দিকে ফ্রান্সকে সমতায় ফেরান। বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। মাত্র চার মিনিট পর মাইকেল অলিসের পাস থেকে রায়ান শেরকি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বেলজিয়াম। ৮৮ মিনিটে দুয়ের কাটব্যাক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন অলিসে। যোগ করা সময়ে দুয়ের বাড়ানো বল ধরে আবারও জালে পাঠান অলিসে। ফলে শেষ ১৩ মিনিটে চার গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-১ জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ম্যাচে ফ্রান্সের আক্রমণাত্মক আধিপত্যও ছিল স্পষ্ট। ২৩টি শট নেয় তারা। শেষ দিকে দুয়ে, চেরকি ও ওলিসের সম্মিলিত নৈপুণ্যেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। জিদানের অধীনে চার ম্যাচে এটি ফ্রান্সের তৃতীয় জয়।

বোলোনিয়ার ম্যাচে অবশ্য এতটা নাটক হয়নি। তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে নেশনস লিগে নিজেদের অবস্থান শক্ত করেছে ইতালি। ২৬ মিনিটে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন জিয়ানলুকা স্কামাক্কা। ক্রসবারের নিচের অংশে লেগে বল জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে তুরস্ক। আরাল সিমসির ফাঁকা জালে বল পাঠিয়ে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করেন। তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় ইতালি। নিকোলো বারেলার ক্রস থেকে বদলি রিকার্দো কালাফিওরি হেডে গোল করেন।

শেষদিকে আরও এক বদলি খেলোয়াড় ইতালির জয় নিশ্চিত করেন। ৮৭ মিনিটে আলেসান্দ্রো রোমানোর ক্রস থেকে ফ্রান্সেসকো পিও এসপোসিতো বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন। এই গোলের মাধ্যমে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন এসপোসিতো। ২২ বছর বয়সে পা দেওয়ার আগেই ইতালির জার্সিতে সাত আন্তর্জাতিক গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি ছিল কিংবদন্তি জিউসেপ্পে মিয়াচ্চার। নেশনস লিগে ফ্রান্সের কাছে প্রথম ম্যাচে হারের পর টানা তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে ইতালি। মানচিনির দ্বিতীয় মেয়াদে তাই দলটি ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে।

অন্য ম্যাচে পোল্যান্ডের দারুণ জয়ের ধারায় ছেদ টেনেছে বসনিয়া। আগের ম্যাচে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া পোল্যান্ড এবার রবার্ট লেভানডভস্কিকে ছাড়া মাঠে নেমে হেরেছে ১-০ গোলে। কার্ডের নিষেধাজ্ঞায় ছিলেন পোলিশ অধিনায়ক। দুই দলই দীর্ঘ সময় গোলের দেখা না পেলেও ম্যাচের শেষদিকে ভাগ্য বদলায় বসনিয়ার। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ইভান বাসিচ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে বসনিয়া।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফ্রান্স  বেলজিয়াম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: