মতিঝিলের বাংলার বাণী ভবন এখন কার নিয়ন্ত্রণে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ৮১ নম্বর ভবনটি এখন আর সংবাদপত্রের কার্যালয় নয়। একসময় ‘বাংলার বাণী’র ঠিকানা হিসেবে পরিচিত এই ভবনের

2026-10-08T11:39:43+00:00
2026-10-08T12:22:05+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন কার নিয়ন্ত্রণে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০৮.১০.২০২৬ ১২:২২ পিএম
মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ৮১ নম্বর ভবনটি এখন আর সংবাদপত্রের কার্যালয় নয়। ছবি : সংগৃহীত
মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ৮১ নম্বর ভবনটি এখন আর সংবাদপত্রের কার্যালয় নয়। একসময় ‘বাংলার বাণী’র ঠিকানা হিসেবে পরিচিত এই ভবনের ওপরের তলাগুলো বর্তমানে তালাবদ্ধ। পেছনের অংশে চালু হয়েছে রেস্তোরাঁ। স্থানীয় ব্যবসায়ী ও ভবনসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ভবনটির বড় একটি অংশ এখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। তাদের অভিযোগ, এর পেছনে দলটির সভাপতি ও বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রভাব রয়েছে।

মতিঝিল মেট্রো স্টেশনের কাছের এই ভবনটির বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবনে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আশপাশের নিরাপত্তাকর্মী এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ভবনের সামনের অংশের প্রথম ও দ্বিতীয় তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যক্রম চলছে। এর বাইরে ওপরের তলা ও পেছনের অংশে বিভিন্ন পরিবর্তন এসেছে।

ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ওঠার সিঁড়ির মুখে এখন লোহার গেট। সেখানে তালা ঝোলানো। ফলে ব্যাংকের অংশ ছাড়া ওপরের তলাগুলোতে সাধারণভাবে প্রবেশের সুযোগ নেই। সংশ্লিষ্টদের দাবি, গণঅধিকার পরিষয়ের পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যক্তি ওই অংশের নিয়ন্ত্রণ নিয়েছেন।


স্থানীয়দের ভাষ্য, এ কাজে সামনে থেকে ভূমিকা রাখছেন নুরুল হকের আত্মীয় হিসেবে পরিচিত সারোয়ার হোসেন সানী। তার সঙ্গে সুমন নামে আরও একজন রয়েছেন। সুমনের কাছ থেকে মাসে ৬ হাজার টাকা ভাড়ায় দোকান নেওয়ার কথা জানিয়েছেন ভবনের পেছনের অংশে ‘ওহ চিটাগাং’ নামে ছোট ব্যবসা পরিচালনাকারী মামুন বাবু। 

তিনি বলেন, সুমন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপির একটি অঙ্গসংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।

ভবনের পেছনের অংশেও বদলে গেছে দৃশ্যপট। সেখানে সম্প্রতি ‘পানসি’ নামে একটি রেস্তোরাঁ চালু হয়েছে। একই নামে দ্বিতীয় তলায় চাইনিজ রেস্তোরাঁ চালুর প্রস্তুতি চলছে। স্থানীয়দের দাবি, নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে গণঅধিকার পরিষয়ের কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।

ভবনটির একটি বড় অংশে দীর্ঘদিন ধরে রয়েছে প্রিমিয়ার ব্যাংকের শাখা। ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সাল থেকে তৎকালীন মালিক ফজলে নূর তাপসের সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা ভবনের জায়গা ব্যবহার করছে।

২০২৪ সালের ৫ আগস্টের পরপরই পরিস্থিতি বদলে যায়। ব্যাংক সূত্রের দাবি, কয়েকজন ব্যক্তি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ঢুকে তাপসের রাজনৈতিক কার্যালয় ও আইনজীবী চেম্বারের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে নিজেদের সমন্বয়ক পরিচয় দেওয়া একদল তরুণ ভবনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

তারা ব্যাংক শাখার কাছ থেকে ভাড়া নিজেদের কাছে দেওয়ার প্রস্তাবও দেয়। তবে বৈধ মালিকানা বা চুক্তির কোনো কাগজ দেখাতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ এতে সম্মতি দেয়নি। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় পর্যন্ত গড়ালেও সিদ্ধান্ত বদলায়নি।


পরবর্তী সময়ে ওই ব্যক্তিরা সরে গেলে গণঅধিকার পরিষয়ের পরিচয়ে আরেকদল ভবনটির নিয়ন্ত্রণ নেয় বলে ব্যাংক সূত্রের দাবি। তখনও ব্যাংকের কাছে ভাড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং শাখা সরিয়ে নেওয়ার চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ সেই দাবিও প্রত্যাখ্যান করে। ব্যাংকটির কর্মকর্তারা এসব বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর ভবনটি ঘিরে একাধিক পক্ষের তৎপরতা দেখা যায়। প্রথম দিকে বিক্ষুব্ধ লোকজন সেখানে হামলা চালায়। পরে নিজেদের আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া একটি পক্ষ ভবনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কিছু সময় তারা সেখানে অবস্থানও করে।

এরপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর তৎপরতার কথাও স্থানীয়রা জানান। তবে তারাও পরে সরে যান। সর্বশেষ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ভবনের বড় অংশ চলে যায় বলে সংশ্লিষ্টদের দাবি।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার গনমাধ্যমকে জানান, ভবনটি দখলের বিষয়টি তার জানা নেই। এ নিয়ে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মতিঝিল  বাংলার বাণী  ভবন  নিয়ন্ত্রণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: