কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি স্কুলে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
টিফিনের সময় বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় আহত ওই শিক্ষার্থীর মধ্যে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে অভিভাবকদের কাছে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীরা হলো, ষষ্ঠ শ্রেণির ছাইমা, সানজিদা, মীম ও নকিব, সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম এবং নবম শ্রেণির নোভা।
স্কুলের শিক্ষকরা জানান, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের একটি রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তিন ছাত্রী জ্ঞান হারায় এবং আরও চার শিক্ষার্থী আহত হয়।
বজ্রপাত হওয়া রেইনট্রি গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। গাছের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় হঠাৎ বজ্রপাতের আলোর ঝলকানি ও বিকট শব্দে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।
কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার জানান, ঘটনার পর শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে বাড়িতে পাঠানো হয়। এ ঘটনায় বড় ধরনের বিপদ থেকে শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই