‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। পারিবারিক গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
বুধবার দুপুর ১২টায় মুক্তি পেয়েছে প্রথম পর্ব। মুক্তির ২৩ ঘণ্টায় নাটকটির ভিউ ৪৭ লাখের বেশি! ইউটিউবে মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।
‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’তে তাদের সবাইকে দেখা যাচ্ছে না।
তবে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ বেশ কয়েকজন আছেন। ধারাবাহিকটি দিয়ে সুমাইয়া শিমুর অভিনয়ে নিয়মিত হওয়ার কথা ছিল। এক দিন শুটিং করেছিলেন। কিন্তু চোখে ভাইরাস সংক্রমণের কারণে শেষ পর্যন্ত আর কাজটি করতে পারেননি। তার পরিবর্তে গল্পে যুক্ত হন দীপা খন্দকার আর দীপার চরিত্রে রোজী সিদ্দিকী। তবে ‘ফিরে আসার গল্প’ নাটকের সবচেয়ে বড় চমক জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। এই দুই অভিনেতা প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে অভিনয় করেছেন।
তাদের সঙ্গে নাটকটিতে আছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী। আরও অভিনয় করছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ।
‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপোড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।
নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।
প্রথম লটে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের ১০ পর্বের শুটিং হয়েছে। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং। এই লটে ১০ অক্টোবর পর্যন্ত ১৮ পর্বের শুটিং শেষ হবে। মোট ৫২ পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।
সময়ের আলো/প্রিন্ট/এমকে