কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এ প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রায় সকাল ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিল বিজিবির টহল দল।
ভোররাতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা শনাক্ত হওয়ার পর বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবির টহল দল বিএসএফের এ প্রচেষ্টা প্রতিহত করে। ফলে ওই চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।
সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
এ ছাড়া বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন। সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, ঘটনাটির পর থেকে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিজয় মাঠপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
চারজন বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।
সীমান্তে অবৈধ পুশ-ইনের এ প্রচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি সতর্ক অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
সময়ের আলো/জোই