জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা ও চর নতুন বন্দর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
একই রাতে পৃথক অভিযানে বাংলা বাজার বিওপির সদস্যরা সীমান্তের ১০৬৫ পিলারের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সময়ের আলো/জোই