ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজারের বেশি আন্দোলনকারী ও বিরোধী দলের নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক এফআইআর করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ।
ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভকারীদের সমাবেশস্থলে পৌঁছানো ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনার ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লি এলাকাকে কয়েকটি জোনে ভাগ করা হয়। আটক ব্যক্তিদের রাখার জন্য তিনটি স্টেডিয়ামকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া কনট প্লেস ও টলস্টয় রোডসহ বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/জেডি