ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন নেহা বোরা। তিনি লেখেন, পুলিশ তাঁর মোবাইল ফোন জব্দ করেছিল। অবশেষে ফোনটি ফেরত পেয়েছেন তিনি। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান নেহা।
এর আগে শনিবার সকালে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় নেহা বোরাকে রাজপথ থেকে আটক করে দিল্লি পুলিশ।
বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেহা বোরা ছাড়াও বিরোধী দলের একাধিক নেতা, শিক্ষার্থী ও আন্দোলনকারীকে আটক করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর ধরপাকড় চালায় পুলিশ।
সময়ের আলো/জেডি