সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রায় চার বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরলেন। দীর্ঘ সময় একক নাটক নিয়ে ব্যস্ত থাকার পর তানভীর তন্ময় পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’ দিয়ে ঘটল তার এই প্রত্যাবর্তন। এই ধারাবাহিকে হিমির সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা নিলয় আলমগীরকে।
দীর্ঘদিন পর ধারাবাহিকে প্রত্যাবর্তন নিয়ে হিমি বলেন, ‘ঠিক কত দিন পর ধারাবাহিকে ফিরলাম, তা নির্দিষ্ট করে বলা কঠিন। একক নাটক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নতুন করে ধারাবাহিকে সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন দর্শক সিরিয়াল বা ধারাবাহিক নাটক বেশ পছন্দ করছেন।
তা ছাড়া একক নাটক জনপ্রিয় হলে দর্শকরা সেটির পরবর্তী পর্ব দেখার আগ্রহ দেখান। এসব দিক বিবেচনা করেই মনে হলো- এখন আবার ধারাবাহিকে কাজ করা যায়। তা ছাড়া ক্যারিয়ারের শুরুতে নিলয় ভাইয়ের সঙ্গে ‘জলে ভেজা রং’ এবং ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিকে কাজ করেছিলাম।
এরপর আর করা হয়নি। আর এই ধারাবাহিকটিতে যুক্ত হতে গিয়ে কয়েকটি একক নাটকের কাজ হাতছাড়া করতে হয়েছে। তবে তা নিয়ে আমার কোনো আফসোস নেই। বড় আয়োজনে অনেক গুরুত্ব দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। সব মিলিয়েই কাজটি করা হলো।’
করপোরেট জগতের টানাপোড়েন, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের নানা নাটকীয়তা নির্মিত হয়েছে নাটকটির গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে হিমি বলেন, ‘নাটকটিতে আমাকে মেহনাজ কবীর নামের এক স্পষ্টভাষী করপোরেট নারীর চরিত্রে দেখা যাবে, যিনি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিশোধ আর ভালোবাসার এক টানটান রোমাঞ্চ এতে রয়েছে, যা দর্শকদের জন্য বিনোদনের একটি পরিপূর্ণ প্যাকেজ হবে।’
নাটকটির প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার প্রযোজনা সংস্থা এনএএফ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটির নতুন পর্বগুলো প্রচারিত হবে। আর নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- ফারিন খান, সুজাতা, আলী রাজ ও ফারজানা চুমকিসহ আরও অনেকে। প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি ধারাবাহিক নাটকে দেখা গেলেও পরবর্তীতে একক নাটকেই নিজের অবস্থান শক্ত করেন দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে