মা মাছ রক্ষায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় পটুয়াখালীর বাউফলে ৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, খবর পেয়ে সকালে নৌ পুলিশের সহায়তায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৮ জন জেলেকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
পরে দুপুরে বাউফল উপজেলা মৎস্য কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল আটককৃতদের সাজা প্রদান করেন। আদালতের রায়ে ৭ জন জেলেকে ১৯ দিন করে এবং ১ জন জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রদানের পর জব্দ করা ৫ হাজার মিটার অবৈধ জাল বাউফল উপজেলা মৎস্য অফিসের সামনে নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশের নদ-নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে ও অসাধু জেলেদের তৎপরতা বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
সময়ের আলো/জোই