গ্রামীণ সড়ক নির্মাণে গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত রাখার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বিগত সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান অংশগ্রহণ করেন। মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম এবং বিগত ১৮০ দিনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর একটি উপস্থাপনা তুলে ধরা হয় এ বৈঠকে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিশেষ সুপারিশ করেছে এ কমিটি। গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণের গুণগত মান রক্ষায় ঠিকাদারদের কাছ থেকে ৩ বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের কথা বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদার করার তাগিদ দেওয়া হয়।
দেশজুড়ে নিরাপদ পানির সংকট নিরসনে আর্সেনিকপ্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে বিশেষ প্রকল্প ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেয় কমিটি।
প্রশাসনিক গতিশীলতা আনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা চালুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বজনপ্রীতিমুক্ত থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা নিতে জোর সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা।
সময়ের আলো/মহু