সম্মতি ছাড়া অভিনেত্রীদের আপত্তিকর ছবি তোলার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। পাপারাজ্জিদের এমন আচরণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার অভিযোগ, আগেও সতর্ক করা সত্ত্বেও এ ধরনের ছবি তোলার প্রবণতা কমেনি, বরং বেড়েছে।
সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হন অভিনেত্রী নেহা ধুপিয়া। এ সময় অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির বিষয়টি তুলে ধরার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি। এরপর বিষয়টি নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা।
সালমানের দাবি, কিছু তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে এনে এ ধরনের ছবি তোলেন এবং এ জন্য অর্থও দেন। তবে সবার পছন্দ এক নয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু মহিলা এবং কিছু পুরুষও পাপারাজ্জিদের ডেকে আনেন, তাদের টাকা দেন এবং এ ধরনের ছবি তুলতে বলেন। ওরা কী-ই বা করবেন?’
তিনি আরও বলেন, ‘যারা চান, তাদের জন্য করুন। কিন্তু যারা চান না, তাদের গায়ে হাত দেবেন না।’
নেহাকে উদ্দেশ করে সালমান বলেন, ‘তোমরা যখন এসে বলো যে, এ ধরনের ছবি তোলা যাবে না, তার পরও যদি ওরা একই কাজ করেন, তাহলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাপারাজ্জিরা তার আগের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না বলেও উদ্বেগ প্রকাশ করেন সালমান। তার ভাষ্য, সতর্ক করার পরও এ ধরনের ছবি তোলার প্রবণতা আরও বেড়েছে। এমনকি কিছু বড় প্ল্যাটফর্মও এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
সালমান বলেন, ‘ওরা ভাবছেন, বিষয়টা একটা মজা। এমনকি কিছু বড় প্ল্যাটফর্মও এই কাজ করছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
অভিনেত্রীদের সম্মতি ছাড়া আপত্তিকর ছবি তোলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সালমানকে ধন্যবাদ জানান নেহা। তার মতে, গুরুত্বপূর্ণ একটি মঞ্চে বিষয়টি তুলে ধরে অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন সালমান।
সময়ের আলো/জেডি