বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মিলন মোল্লা (৪৮) নামের একজন দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে মিলন মোল্লার লাশের ময়নাতদন্ত বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
এর আগে রোববার সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত দিনমজুর মিলন মোল্লা বাগেরহাট সদরের রায়হান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর আগে শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা বেগম ভিক্ষা করে জীবন যাপন করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
দিনমজুর মিলন মোল্লার মৃতদেহের ময়নাতদন্ত দুপুরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় শরনখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা